রাজধানীতে অবৈধ আইএসপি’র বিরুদ্ধে বিটিআরসির অভিযান, সরঞ্জামাদি জব্দ
র্যাব-৩ এর সদস্যদের সহায়তায় রাজধানীর মুগদা ও টিকাটুলি এলাকায় অবৈধ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী ব্যক্তি/ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে কোথায় বা কারা এই অভিযানে ছিলো সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।
তথ্যসূত্রে প্রকাশ, অভিযানে নবায়ন না করে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা প্রদান করায় একটি প্রতিষ্ঠানের মুগদা ও টিকাটুলি অফিস হতে ১টি রাউটার, ২টি সার্ভার ও ৬টি সুইচ জব্দ করে অবৈধ ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়েছে।
অবৈধ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শুধুমাত্র লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করতে গ্রাহদের প্রতি অনুরোধ জানিয়েছে বিটিআরসি।







